নাঈম হাসান ও তাইজুল ইসলামেই দ্বিতীয় ইনিংসে গুড়িয়ে গেল জিম্বাবুয়ে। ইনিংসে হারিয়ে সিরিজের একমাত্র টেস্টটি নিজেদের করে নিল বাংলাদেশ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার টেস্টের চতুর্থ দিনের খেলা অর্ধেক শেষ হতেই মুমিনুল হকের দলের কাছে ইনিংস ও ১০৬ রানে হার মানে জিম্বাবুয়ে।
তাইজুল ইসলামের বলে টিমাইসেন মারুমা নাঈম হাসানকে ক্যাচ দিতেই জয়ের আনন্দে মাতে বাংলাদেশ।
ইনিংস হারের দ্বারপ্রান্তে জিম্বাবুয়ে
নাঈম হাসান ও তাইজুল ইসলামের স্পিন বিষে নীল জিম্বাবুয়ে। বাংলাদেশ দলের এই বোলারের সামনে অল্প রানেই ব্যবধানে তিন উইকেট হারিয়ে ইনিংস হারের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে অতিথি দল।
দ্বিতীয় ইনিংসে ১৮১ রানে ৯ উইকেট নেই জিম্বাবুয়ের! বাংলাদেশের লিড ঘুচাতে এখনও তাদের দরকার একশোর বেশি রান।
তাইজুলের তৃতীয় শিকারে পরিণত হন রেজিস চাকাবা (১৮)। তাতে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় সাত উইকেটে ১৬৫।
এরপর ১৬ রানের মধ্যে আরও দুই উইকেট নিয়ে প্রতিপক্ষকে একেবারে হারের কিনারায় নিয়ে যান নাঈম। আইন্সলে এনডিলোভু ও টিমাইসেন মারুমাকে উইকেট ছাড়া করে টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে পঞ্চম উইকেটের দেখা পান এই অফস্পিনার!
সিকান্দারকে ফেরালেন তাইজুল
জয়ের সুবাস নিয়ে লাঞ্চ বিরতে গিয়েছিল বাংলাদেশ। বিরতি থেকে ফিরতেই সে সম্ভাবনাটা আরও জোরালো করলেন তাইজুল ইসলাম। বড় ইনিংস খেলতে যাওয়া জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে উইকেট ছাড়া করে দ্বিতীয় শিকার তুলে নিয়েছেন এই স্পিনার।
দ্বিতীয় ইনিংসে ১২১ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে মিরপুর টেস্টে পরাজয়ের অনেক কাছে চলে এসেছে জিম্বাবুয়ে। সেটা হতে পারে ইনিংস পরাজয়। লিড ঘুচানো থেকে এখনও অনেক পেছনে পড়ে আছে অতিথি দল।
সিকান্দারের বিদায়ের পর উইকেটে এসেছেন রেজিস চাকাবা। সপ্তম উইকেটে জুটি বেধেছেন টাইসন মারুমার সঙ্গে।
জয়ের সুবাস নিয়ে লাঞ্চে বাংলাদেশ
বাংলাদেশের আঁটসাঁট বোলিংয়ের সামনে দ্বিতীয় ইনিংসে রীতিমত খাবি খাচ্ছে জিম্বাবুয়ে। আউট প্রথম পাঁচ ব্যাটসম্যান। তাতে জয়ের সুবাস দিয়ে মিরপুর টেস্টের চতুর্থ দিন লাঞ্চ বিরতিতে গেল মুমিনুল হকের দল।
বিরতিতে যাওয়ার সময় জিম্বাবুয়ে রান দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১১৪। সিকান্দার রাজা ৩৩, টিমাইসেন মারুমা ৩ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের লিড কাটানো থেকে এখনও ১৮১ রানে পিছিয়ে আছে তারা।
দুই উইকেটে ৯ রান নিয়ে মঙ্গলবার ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে শুরুতেই হারায় ওপেনার টিমাই কাসুজাকে। দলীয় ৪৪ রানে অভিজ্ঞ ব্রেন্ডন টেইলরকে উইকেট ছাড়া করে দ্বিতীয় ইনিংসে তৃতীয় শিকার তুলে নেন নাঈম হাসান। আর লাঞ্চের ঠিক আগে মুমিনুল হকের অসাধারণ ফিল্ডিংয়ে রান আউট হয়ে ফেরেন প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো অধিনায়ক ক্রেইগ আরভিন।
রান আউট আরভিন
উইকেটকিপার লিটন দাস বল গ্লাভসে জমাতে না পারায় একবার জীবন পেলেও বেশি দূর এগুতে পারেননি ক্রেইগ আরভিন। মুমিনুল হকের অসাধারণ ফিল্ডিংয়ে রান আউট হয়ে ফিরতে হয়েছে জিম্বাবুয়ের অধিনায়ককে।
১০৪ রানে পঞ্চম উইকেট হারিয়ে মিরপুর টেস্টে হারের আরও কাছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা আরভিন এবার করলেন ৪৩ রান। সিকান্দার রাজার সঙ্গে গড়ে যান ৫০ রানের জুটি।
দ্বিতীয় ইনিংসেও নাঈমের শিকার টেইলর
মিরপুর টেস্টের প্রথম ইনিংসে নাঈম হাসানের বলে বোল্ড হয়েছিলেন ব্রেন্ডন টেইলর। দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশ দলের তরুণ এই স্পিনারের বলে উইকেট ছাড়া হলেন জিম্বাবুয়ের দলের এই অভিজ্ঞ ব্যাটসম্যান!
টেইলরের বিদায়ে ৪৪ রানে চতুর্থ উইকেট হারিয়ে হারের দিকে আরও এগিয়ে গেল জিম্বাবুয়ে। অফস্পিনার নাঈমের করা ইনিংসের সতেরোতম ওভারের পঞ্চম বলটি স্যুইপ করতে গিয়ে ডিপ মিডউইকেটে তাইজুলের হাতে ধরা পড়েন ১৭ রান করা টেইলর।
ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমেছেন সিকান্দার রাজা। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো অধিনায়ক শেন আরভিনের সঙ্গে জুটি গড়েছেন তিনি।
এর আগে দিনের শুরুতেই জিম্বাবুয়ে ইনিংসে আঘাত হানেন তাইজুল। তার বলে সেকেন্ড স্লিপে মোহাম্মদ মিঠুনকে ক্যাচ দিয়ে ফিরেছেন অতিথি দলের ওপেনার কেভিন কাসুজা (১০)।
দিনের শুরুতেই জিম্বাবুয়ে শিবিরে তাইজুলের আঘাত
মিরপুর টেস্টের চতুর্থ দিনের খেলার শুরুতেই জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে আঘাত হানলেন তাইজুল ইসলাম। তার বলে সেকেন্ড স্লিপে মোহাম্মদ মিঠুনকে ক্যাচ দিয়ে ফিরেছেন অতিথি দলের ওপেনার কেভিন কাসুজা (১০)।
মঙ্গলবার খেলা শুরুর ষষ্ঠ ওভারের চতুর্থ বলটি রক্ষণাত্মকভাবে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন ৮ রান নিয়ে খেলতে নামা কাসুজা। ১৫ রানে তৃতীয় উইকেটের পতন হয় জিম্বাবুয়ের। ২ উইকেটে ৯ রান নিয়ে সোমবারের খেলা শেষ করেছিল দলটি। এদিন দ্বিতীয় ইনিংসে প্রথম ওভারেই নাঈম হাসানের বলে দু্ই উইকেট হারিয়েছিল তারা।
প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ২৬৫ রানের জবাবে ৬ উইকেটে ৫৬০ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ২৯৫ রানের লিড পায় মুমিনুল হকের দল।
