করোনাভাইরাস: দর্শকশূন্য মাঠে হবে রোনালদোদের ম্যাচ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৬ এএম

ইতালিতে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে প্রয়োজনীয় পদক্ষেপের অংশ হিসেবে দেশটির শীর্ষ ফুটবল লিগের বেশ কয়েকটি ম্যাচ দর্শকশূন্য মাঠে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে ইন্টার মিলানের বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাসের ম্যাচটিও হবে বন্ধ গ্যালারির মাঠে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, জুভেন্টাস-ইন্টারের ম্যাচসহ আগামী এক সপ্তাহে সেরি আ’র পাঁচটি হবে বন্ধ গ্যালারিতে। বাকি চার ম্যাচ উদিনেস-ফিওরেন্তিনা, এসি মিলান-জেনোয়া, প্রামা-স্পাল ও সাসসুয়োলো-ব্রেসিয়া মধ্যকার।

এর মধ্যে উদিনেসের মাঠে ফিওরেন্তিনা খেলতে নামবে আগামী শনিবার। বাকি চারটি ম্যাচ হবে আগামী রোববার।

লাৎসিও-বনোনিয়া, নাপোলি-তুরিনো, লিস-আতালান্তা, কালিয়ারি-রোমা মধ্যকার ম্যাচগুলো বরাবরের মতো হবে দর্শকভরা মাঠে হবে। আর সাম্পদোরিয়া ও হেলোস ভেরোনার ম্যাচটির ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

কোরোনার উপস্থিতির কারণে ইতালির উত্তরাঞ্চলের জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। দেশটিতে এখন পর্যন্ত ২২৯ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এরমধ্যে মৃত্যু হয়েছে সাতজনের।

এমন অবস্থায় আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় ইন্টারমিলান ও বুলগেরিয়ান ক্লাব লুদোগরেৎস মধ্যকার ইউরোপা লিগের ম্যাচটিও দর্শকশূন্য মাঠে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসবের উদ্দেশ্য, করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধ করা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত