ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৫

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫৪ এএম

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন–তানভীর, নিহাল, সাফওয়ান, রাহাত ও সোয়াত। সবাই একাদশ শ্রেণির শিক্ষার্থী। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন। এদিকে আহতদের দেখতে হাসপাতালে যান ঢাকা কলেজের অধ্যক্ষ নেহাল আহমেদ।

তিনি সাংবাদিকদের বলেন, আমি একটি মিটিংয়ে ছিলাম। খবর শুনে হাসপাতালে যাই। দেখলাম, আমার কলেজের পাঁচ ছাত্র আহত হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের থেকে শুনলাম, কলেজ ছুটি পর ছাত্ররা বাসায় ফিরছিল। সায়েন্স ল্যাবরেটরি এলাকায় সিটি কলেজের কয়েক শিক্ষার্থী ঢাকা কলেজের কয়েক ছাত্রকে ছুরিকাঘাত করে। বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা করছি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, আহতদের উদ্ধার করে সহপাঠীরা ঢাকা মেডিকেলে নিয়ে আসে। এর মধ্যে নিহালের পিঠে ও পায়ে এবং সোয়াতের পেটে ছুরির আঘাত রয়েছে। এ দুজনের অবস্থা গুরুতর। আর অন্যদের হাতে ও পায়ে ছুরির আঘাত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত