জনতা পুলিশে দেওয়ার পর ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৫ এএম

যশোরের কেশবপুর উপজেলায় পুলিশের হাতে আটক এক ব্যক্তি কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মণিরামপুর উপজেলার বেগারিতলায় কথিত এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত নুরুল হক কেরু (৪৭) মণিরামপুর উপজেলার ভোজগাতি গ্রামের মৃত মাজেদ গাজী বক্সের ছেলে।

পুলিশ জানায়, নুরুল একজন ডাকাত ও তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কেশবপুর উপজেলার চিংড়াখালি এলাকায় ইজিবাইক ছিনতাইকালে নুরুল হককে আটক করে স্থানীয় জনতা। এরপর তাকে পুলিশে সোপর্দ করেন তারা।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে নুরুল হক তার সহযোগী ও অস্ত্রের তথ্য দেন। এরপর তাকে নিয়ে মণিরামপুর উপজেলার বেগারিতলায় অভিযানে যায় পুলিশ।

ওসি ভাষ্য, কেশবপুর ও মণিরামপুর থানার যৌথ টিম তাকে নিয়ে বেগারিতলার সর্দারবাড়ি নার্সারির সামনে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে নুরুল হকের সহযোগীরা। জবাবে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

এ সময় গুলিবিদ্ধ হন নুরুল হক। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে নুরুল হককে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে তার মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান তিনি।

ওসি লেন, পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি ও চারটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুর ইসলাম জানান, কেশবপুর থানার একটি টিম নুরুল হককে নিয়ে তার সহযোগীদের ধরতে অভিযানে আসে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত