বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপনের মনোনয়নপত্রটির জেলার বাতিল আদেশ নির্বাচন কমিশনও (ইসি) বহাল রেখেছে। তবে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সাজন কুমার মিস্ত্রির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি। গত বৃহস্পতিবার দিনভর প্রার্থীদের করা আপিলের শুনানি শেষে ইসি এ ঘোষণা দেয়। তবে বিএনপি প্রার্থী ইসির আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবেন বলে জানিয়েছেন।
ব্যাংকঋণ ও পৌর কর পরিশোধ না করার অভিযোগে গত ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের দিন বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে বিএনপি ও জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। তবে আওয়ামী লীগের প্রার্থী আমিরুল আলম মিলনের মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন।
বিএনপিপ্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন গতকাল সকালে এ প্রতিবেদককে বলেন, ইসি শুনানি শেষে আমার মনোনয়নপত্রটি অবৈধ বলে আদেশ দিয়েছে। আমি ওই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করব।
রিটার্নিং কর্মকর্তা খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, গত ২৩ ফেব্রুয়ারি বাছাইয়ের দিন বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে বিএনপি ও জাপার দুই প্রার্থীর মনোনয়নপত্র ব্যাংকঋণ ও পৌর কর বকেয়া থাকায় বাতিল করা হয়। এ দুই দলের প্রার্থী গত বুধবার আমাদের দেওয়া আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আবেদন করেন।
