জঙ্গিদের মূলোৎপাটন করতে পারিনি, নিয়ন্ত্রণে আনতে পেরেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০১ মার্চ ২০২০, ১২:৪৬ এএম

চট্টগ্রামে পুলিশ বক্সে বিস্ফোরণের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এ দেশে আইএস নেই। এটি দেশীয় জঙ্গিদের কাজ। আমরা আগেও বলেছি, এ দেশ থেকে জঙ্গিদের মূলোৎপাটন করতে পারিনি, নিয়ন্ত্রণে আনতে পেরেছি।

শনিবার সন্ধ্যায় ঝিনাইদহের মহেশপুর দত্তনগর কৃষি ফার্ম পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

চট্টগ্রামে বিস্ফোরণের ঘটনায় কেউ গ্রেপ্তার হয়েছে কি নাথ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এত হতাশ হওয়ার কিছু নেই। এর আগে খুলনা, ঢাকায় এ ধরনের ঘটনা ঘটেছিল। আমরা তাদের গ্রেপ্তার করছি। চট্টগ্রামের ঘটনায়ও গ্রেপ্তার করা হবে দ্রুত।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের ব্যাপারে জানতে চাইলে সাংবাদিকদের মন্ত্রী বলেন, দুর্নীতির মামলায় খালেদা জিয়া কারাগারে আছেন। তাকে জামিন দেওয়া সম্পূর্ণ আদালতের ব্যাপার। আদালত সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করে। খালেদা জিয়ার জামিন দেওয়ার ব্যাপার তাদের। এতে সরকারের হস্তক্ষেপ নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি ফার্ম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সাংসদ শফিকুল আজম খান চঞ্চল, সাবেক সাংসদ নবী নেওয়াজ, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক সুলতানুজ্জামান লিটনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী দত্তনগর কৃষি ফার্মে মহেশপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন বলে আমাদের ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত