বিদ্যুৎ-পানির দাম বৃদ্ধি মড়ার উপর খাঁড়ার ঘা : জিএম কাদের

আপডেট : ০১ মার্চ ২০২০, ০১:০৯ এএম

বিদ্যুৎ ও পানির দাম বৃদ্ধির বিষয়টি সরকারকে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

তিনি বলেন, হঠাৎ বিদ্যুৎ ও পানির দাম বাড়ানো হচ্ছে মড়ার উপর খাঁড়ার ঘা। মূল্য বৃদ্ধি না করে বিষয়টি পুনরায় বিবেচনা করতে পারে সরকার। শনিবার রাজধানীতে জাতীয় ছাত্র সমাজের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভর্তুকি কমাতেই বিদ্যুৎ ও পানির দাম বাড়ানো হয়েছে। কিন্তু দেশের হতদরিদ্র মানুষের সুবিধার কথা বিবেচনা করেই তো সরকার ভর্তুকি দেয়। বিদ্যুতের দাম বৃদ্ধির সঙ্গে উৎপাদন, পরিবহন ও মার্কেটিংয়ের খরচ বৃদ্ধি পায়। এতে পণ্যমূল্য বেড়ে যাবে অনেক। তাই বিদ্যুৎ ও পানির দাম না বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। এমনিতেই দেশের মানুষ দ্রব্যমূল্য বৃদ্ধিতে দিশেহারা, তাই বিদ্যুতের দাম বাড়ানো ঠিক হবে না।

করোনাভাইরাস সম্পর্কে সরকারকে সতর্ক করে জাপা চেয়ারম্যান বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারীরূপে ছড়িয়ে পড়ছে। তাই ঘনবসতি ও দরিদ্র দেশ হিসেবে সরকারকে আগাম প্রস্তুতি নিতে হবে। করোনাভাইরাস মোকাবিলায় জাতীয় পার্টি সরকারকে প্রয়োজনীয় সব সহায়তা করতে প্রস্তুত আছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাপা মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ইব্রাহীম খান জুয়েল। পরিচালনা করেন সাধারণ সম্পাদক আল মামুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত