চবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত

আপডেট : ০১ মার্চ ২০২০, ০৮:১৩ পিএম

আধিপত্য বিস্তার ও কথা-কাটাকাটির জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন।

রবিবার দুপুরে ক্যাম্পাসের ছাত্রী হলের ঝুপড়িতে সংঘর্ষের সূত্রপাত হয়। বিবদমান পক্ষ দুটি হলো সিক্সটি নাইন ও চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি)।

সিএফসি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসানের ও সিক্সটি নাইন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। সিএফসির নেতৃত্বে আছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক এবং সিক্সটি নাইনের নেতৃত্বে আছেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ওরফে টিপু।

সিক্সটি নাইনের নেতা-কর্মীদের অভিযোগ, ঝুপড়িতে তাদের কয়েকজন কর্মী বসে কথা বলছিলেন। এ সময় সিএফসির নেতা-কর্মীরা এসে তাদের ওপর অতর্কিত হামলা চালান। তবে সিএফসির নেতা-কর্মীদের দাবি, সিক্সটি নাইনের কর্মীরাই প্রথমে হামলা করেছেন।

ছাত্রলীগ ও পুলিশ সূত্র জানায়, ছাত্রী হলের ঝুপড়িতে দুই পক্ষের কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে সেখান থেকে কলা ও মানববিদ্যা অনুষদের ঝুপড়িতে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়ের চার কর্মী আহত হন।

খবর পেয়ে সিএফসি শাহ আমানত হলের সামনে ও সিক্সটি নাইন শাহ জালাল হলের সামনে অবস্থান নেন। ক্যাম্পাসের পরিস্থিতি থমথমে। পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা সতর্ক অবস্থানে আছেন।

সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, উভয় পক্ষের নেতাদের সঙ্গে বসে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। আমরা সতর্ক আছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত