স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনের অংশ হিসেবে কর্মসূচি গ্রহণ ও তা বাস্তবায়নে সোমবার সভা করেছে বিএনপি। সভায় সভাপতিত্ব করেন সুবর্ণজয়ন্তী পালনে ইতিপূর্বে গঠিত উপকমিটির প্রধান ও দলটির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
সভায় অংশ নেন কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান। সন্ধ্যা সাড়ে ৬টায় বৈঠক শুরু হয়। রাত ৮টায় সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছিল।
২১ ডিসেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এক সভা হয়। সভা শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করার জন্য একটি উপকমিটি গঠন করা হয়। এ উপকমিটির প্রধান করা হয় বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে।
তিনি বলেন, স্বাধীনতার অর্ধশত বার্ষিকী বছরব্যাপী বিএনপি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করতে এ উপকমিটি গঠন করা হয়েছে। এই উপকমিটি সারা বছর ধরে কর্মসূচি পালনের পরিকল্পনা এবং সেসব কর্মসূচি বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করবে।
