করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত সন্দেহে মেহেদী হাসান (২৫) নামে সিঙ্গাপুর ফেরত এক শিক্ষার্থীকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জ্বরে আক্রান্ত হওয়ার পর সেটা কমায় সোমবার রাতে হাসপাতালে ভর্তি হন তিনি।
মেহেদী হাসান নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের পাতলাপাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে। সিঙ্গাপুরের একটি বিশ্ববিদ্যালয়ে পড়তেন তিনি।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুনীর আলী আকন্দ জানান, গত ২৭ ফেব্রুয়ারি দেশে ফেরার পর দুদিন ধরে জ্বর দেখা দেয়। স্থানীয় এক চিকিৎসককে দেখানোর পরও জ্বর না কমায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, করোনাভাইরাস সন্দেহে হাসপাতালে ভর্তি হওয়ায় ওই যুবককে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার বিষয়টি ঢাকায় যথাযথ কর্তৃপক্ষ অবহিত করা হয়েছে।
গত ডিসেম্বরে চীনের উহানে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এই ভাইরাস এখন বিশ্বের ৭০টি দেশে বিস্তৃত হয়েছে। ইতোমধ্যে ভারত ও পাকিস্তানে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। চীনে আক্রান্তের সংখ্যা কমলে বিশ্বের বিভিন্ন দেশে তা লাফিয়ে বাড়ছে। সিঙ্গাপুরেও এই ভাইরাস ছড়িয়েছে।
