ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রক্তের বন্ধনে আবদ্ধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা আগমনের বিরোধিতা করতে গিয়ে বিএনপি মুজিব বর্ষের বিরোধিতা করছে।
সেতুমন্ত্রী বলেন, দিল্লির ঘটনাকে বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত উল্লেখ করে তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রক্তের বন্ধনে আবদ্ধ।
ওবায়দুল কাদের বলেন, মুজিব বর্ষ উদ্যাপনের নামে কোনো প্রকার বাড়াবাড়ি বা চাঁদাবাজির দোকান যেন কেউ না খুলে বসে তার জন্য দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। বাড়াবাড়ির নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেন কোনোভাবেই খাটো করা না হয়, তার জন্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর নির্দেশনা দিয়েছেন।
মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এক যৌথ সভায় এসব বলেন তিনি।
তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা মুজিব বর্ষে বাংলাদেশে আসবেন এই উদ্যোগ পছন্দ হচ্ছে না তাই বিএনপি ও তাদের দোসররা অশুভ শক্তির পৃষ্ঠপোষকতা দিয়ে বিরোধী মহল তৈরি করেছে।
ওবায়দুল কাদের বলেন, মুজিব বর্ষের কর্মসূচিকে এই অশুভ শক্তি যেন ক্ষতিগ্রস্ত করতে না পারে তার জন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। মুজিব বর্ষের কর্মসূচির মধ্য দিয়ে সরকারের জনপ্রিয়তা আরও বাড়বে বলে বিএনপি এর বিরোধিতায় নেমেছে।
