শরীয়তপুর সদর উপজেলায় ঘরের জানালার লোহার গ্রিল পড়ে সিনথিয়া আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার তুলাসার ইউনিয়নের দক্ষিণ গোয়ালদি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
সিনথিয়া আক্তার দক্ষিণ গোয়ালদি গ্রামের সুলতান বেপারীর মেয়ে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্র জানায়, দক্ষিণ গোয়ালদি গ্রামের সিনথিয়ার চাচা শাহজাহান বেপারীর ঘরের জানালায় লোহার গ্রিল লাগাচ্ছিলেন মিস্ত্রীরা।
খেলতে খেলতে শিশু সিনথিয়া ঘরটির নিচে যায়। তখন হঠাৎ করে মিস্ত্রীদের হাত থেকে জানালার গ্রিলটি পড়ে যায়। সিনথিয়ার মাথার উপরে পড়লে গুরুতর আহত হয় সে। সিনথিয়াকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পালং মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন।
