করোনা আতঙ্কে মোংলা বন্দরে অবস্থানরত বিদেশি জাহাজের কাজ বন্ধ

আপডেট : ০৫ মার্চ ২০২০, ০২:৪৬ পিএম

করোনা ভাইরাস আতঙ্কে মোংলা বন্দরের হাড়বাড়িয়ায় একটি বিদেশি কয়লাবাহী জাহাজের পণ্য খালাস কাজ বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে মার্শাল আইল্যান্ড পতাকাবাহী ‘এমভি সেরিনিটাস এন’ জাহাজের কাজ বন্ধ রাখে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ফখর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বুধবার (৪ মার্চ) ইন্দোনেশিয়া থেকে ২৪ হাজার মে. টন কয়লা নিয়ে মোংলা বন্দরে আসে ‘এমভি সেরিনিটাস এন’ জাহাজ। জাহাজটি বন্দর চ্যানেলের হাড়বাড়িয়ার ৩ নম্বর মুরিং বয়ায় অবস্থান করছে।

ওই জাহাজের তিনজন ক্রু (নাবিক) হঠাৎ জ্বরে আক্রান্ত হলে তাদের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তাদের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি বলে জানান বন্দরের এ পদস্থ কর্মকর্তা। জাহাজের ওই তিন ক্রু ফিলিপাইনের নাগরিক বলে জানা গেছে।

হারবার মাস্টার আরও বলেন, যেহেতু করোনা ভাইরাস আতঙ্ক দেখা দিয়েছে, সেক্ষেত্রে ওই জাহাজ থেকে সকল শ্রমিক নামিয়ে এনে আমরা জাহাজের সকল প্রকার কার্যক্রম বন্ধ রেখেছি। পরিবেশ স্বাভাবিক হলে জাহাজের কাজ আবার শুরু হবে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের পোর্ট হেলথ কর্মকর্তা ডা. সুফিয়া খাতুন বলেন, মার্শাল আইল্যান্ড পতাকাবাহী ‘এমভি সেরিনিটাস এন’ জাহাজের তিন ক্রু ফিলিপাইনের নাগরিক জ্বরে আক্রান্ত হলে আমরা তাদের পরীক্ষা করি। এ সময় তাদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়নি বলেও জানান তিনি।

এদের মধ্যে দুইজনের জ্বর ভালো হয়ে গেছে এবং একজনের শরীরে ৯৯ দশমিক ৭৭ ডিগ্রি জ্বর রয়েছে। যা খুবই স্বাভাবিক। আতঙ্কের কিছু নেই বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের এই পোর্ট হেলথ কর্মকর্তা।

ডা. সুফিয়া আরও বলেন, এই একজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওই জাহাজে ২০ জন বিদেশি নাবিক রয়েছেন বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত