সাভারে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ১৩ জন আটক

আপডেট : ০৫ মার্চ ২০২০, ০৩:৩৬ পিএম

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ কাভার্ডভ্যানে লুকিয়ে থাকা আন্তঃজেলা ডাকাত দলের ১৩ সদস্যকে আটক করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান (ফরিদপুর ১১-০২১০) জব্দ করা হয়।

বৃহস্পতিবার ভোরে সাভারের হেমায়েতপুরের হারুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- কেরানীগঞ্জের কলমাচরের নাজিম উদ্দিনের ছেলে আবুল হোসেন (৩০), একই এলাকার মৃত বারেক হোসেনের ছেলে মহি উদ্দিন (৪৫), জামালপুর জেলার সদর থানার গাবরগালে গ্রামের জব্বার আলীর ছেলে রাজু মিয়া (৩০), মাদারীপুরের শিবচর থানার সাবের আলী বেপারী গ্রামের মৃত জুয়েল হাওলাদারের ছেলে সুরুজ মিয়া (৩৫), মাদারীপুরের শিবচর থানার বয়াতীকান্দি গ্রামের মৃত বিষা মাদবরের ছেলে জালাল মাদবর (৫০), মাদারীপুরের শিবচর থানার চরকাচিকাটা গ্রামের মো. সিকান্দার ফকিরের ছেলে আবুল হোসেন ফকির (৪০), একই গ্রামের মৃত সোবাহান সিকদারের ছেলে রাসেল শিকদার (২৮), ঢাকার আশুলিয়ার দোসাইদ আনারকলি বস্তির মৃত আফসার আলীর ছেলে আমজাদ হোসেন (৪৫), মানিকগঞ্জের সাটুরিয়ার চরভাটারা গ্রামের মৃত বদ্ধু চন্দ্র মনি দাসের ছেলে পাগল চন্দ্র মনিদাস (৫৫), মানিকগঞ্জের ঘিওর থানার চরঘিওর গ্রামের মৃত তালেব মল্লিকের ছেলে আইয়ুব আলী (৪৪),  সাদেক মিয়া (৪১), মনির হোসেন (৪৫) ও আবুল হোসেন ফকির (৪০)।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার জানান, বুধবার রাতে গোয়েন্দা পুলিশের একটি দল সাভার থানার একটি সাধারণ ডায়েরির তদন্তকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে গোয়েন্দা পুলিশের সদস্যরা হেমায়েতপুর হারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যানসহ তিনজনকে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে দুটি দেশীয় অস্ত্র পাওয়া যায়। পরে কাভার্ডভ্যানটির তালা খুলে ভেতর থেকে আরও ১০ ডাকাত সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকেও দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আটকরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা দীর্ঘ দিন ধরে সাভার, আশুলিয়াসহ আশপাশের বিভিন্ন সড়কে ও বাসাবাড়িতে ডাকাতি করে আসছিল। তাদের কাছ থেকে আগে ডাকাতি হওয়া ৩ গরু উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত