মুজিব বর্ষে দেশের বিভিন্ন জেলার স্নাতক পর্যায়ের ১৬ কলেজের ২৪০০ (দুই হাজার চার শত) জন শিক্ষক এবং ৮০০০ (আট হাজার) শিক্ষার্থীকে ডিজিটাল পদ্ধতিতে Learning Management System (এল এম এস) এর আওতায় নিয়ে এসে প্রশিক্ষণ ও মুজিব বর্ষব্যাপী রক্ষণাবেক্ষণ সেবা প্রদান করবে দেশের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে মুজিব বর্ষব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির কর্মসূচির সমন্বয় কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।
এ ছাড়া সভায় ১৭ মার্চ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা,বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে র্যালি, শিক্ষার্থীদের মধ্যে রচনা, কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা এবং মুজিব বর্ষব্যাপী দেশের স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রোগ্রামিং প্রতিযোগিতা সহ জাতির পিতার বর্ণাঢ্য কর্ম ও জীবনী নিয়ে ১০ টি সেমিনার আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর জানান, Learning Management System (এল এম এস) আওতায় নিয়ে এস শিক্ষক শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করা গেলে দেশের ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। ধীরে ধীরে দেশের সকল কলেজ বিশ্ববিদ্যালয় এই পদ্ধতির আওতায় আসতে পারবে।
মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর জানান, আমরা প্রাথমিকভাবে দেশের স্নাতক পর্যায়ের ১৬ টি কলেজের ২৪০০ (দুই হাজার চার শত) জন শিক্ষক এবং ৮০০০ (আট হাজার) শিক্ষার্থীকেLearning Management System (এল এম এস) এর আওতায় নিয়ে এসে প্রশিক্ষণ প্রদান করবো এবং বছরব্যাপী তা রক্ষণাবেক্ষণ করবো। এর মাধ্যমে আমরা কলেজগুলোর শ্রেণিকক্ষগুলোতে প্রযুক্তির আওতায় এনে স্মার্ট শ্রেণিকক্ষে পরিণত করব। যেখানে শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য ফ্লেক্সিবল কনটেন্ট তৈরি করে প্রশিক্ষণ প্রদান করা হবে।
সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. আশরাফ উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আকতারুজ্জামান, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীরসহ শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
