পৃথিবীর ‘দ্বিতীয় চাঁদ’

আপডেট : ০৭ মার্চ ২০২০, ১২:৩৮ এএম

‘পৃথিবীর সঙ্গে যুক্ত হয়েছে দ্বিতীয় চাঁদ’। কথাটি শুনতে অবাক লাগলেও নাসার একটি প্রকল্প থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে চাঁদের পাশাপাশি নতুন করে এক গ্রহাণু বা ‘ছোট চাঁদ’ পৃথিবীকে প্রদক্ষিণ করছে।

এই নতুন ‘ছোট চাঁদ’ আসলে একটি গ্রহাণু, যার নাম রাখা হয়েছে ‘২০২০ সিডি৩’। এটি আকারে ১ দশমিক ৯ মিটার চওড়া এবং ৩ দশমিক ৫ মিটার লম্বা। অর্থাৎ একটি গরু বা জলহস্তীর আকারের হবে গ্রহাণুটি। আর সে কারণেই চাঁদের মতো খালি চোখে দেখা যাবে না এটি।

অবশ্য পৃথিবীকে প্রদক্ষিণ করা প্রথম গ্রহাণু নয় ‘২০২০ সিডি৩’। এর আগে ২০০৬ সালের সেপ্টেম্বর থেকে শুরু করে ২০০৭ সালের জুন মাস পর্যন্ত ‘২০০৬ আরএইচ১২০’ নামের অপর এক গ্রহাণু পৃথিবীকে প্রদক্ষিণ করে। এরপর তা পুনরায় সূর্যকে প্রদক্ষিণ করতে থাকে।

এবারের এই গ্রহাণু পৃথিবীকে প্রদক্ষিণ শেষে আবার তার আগের কক্ষপথে ফেরত যাবে, নাকি পৃথিবীর বুকে আছড়ে পড়বে, তা হিসাব করে বের করার চেষ্টা করছে নাসা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত