মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়লে ক্ষমতা দখল করতে পারে তালেবান: ট্রাম্প

আপডেট : ০৭ মার্চ ২০২০, ০২:৪৩ পিএম

শান্তিচুক্তি অনুযায়ী মার্কিন সেনারা আফগানিস্তান ত্যাগ করলে তালেবান পশ্চিমা সমর্থিত সরকার হটিয়ে ‘সম্ভবত’ দেশটির ক্ষমতা দখল করতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার হোয়াইট হাউসে তিনি সাংবাদিকদের আরও বলেন, ‘দেশগুলোর উচিত নিজেদের দেখভাল করা। আপনি কেবল কারও হাতটাই দীর্ঘ সময়ের জন্য ধরে রাখতে পারেন।’

আফগানিস্তানে ১৮ বছরের মার্কিন আগ্রাসনের ইতি টানতে কাতারের রাজধানী দোহায় গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর থাকলে ১৪ মাসের মধ্যে মার্কিন ও ন্যাটো সেনারা আফগানিস্তান ছাড়বে।

শেষ পর্যন্ত তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করতে পারে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘এভাবে এটা ঘটবে বলে মনে হয় না, কিন্তু সম্ভবত এটা হবে।’

তিনি বলেন, ‘আমরা সেখানে (আফগানিস্তান) আরও ২০ বছর থাকতে পারি না। আমরা সেখানে ২০ বছর ধরে আছি এবং আমরা দেশটাকে রক্ষা করছি। কিন্তু শেষ পর্যন্ত আমরা সেখানে আর থাকতে পারি না। তাদের উচিত নিজেদের রক্ষা করা।’

বিদেশি সেনারা চলে যাওয়ার পর আফগান সরকার তালেবান যোদ্ধাদের হাত থেকে নিজেদের রক্ষা করতে পারবে কিনা সে বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমি জানি না। আমি এই প্রশ্নের জবাব দিতে পারি না। আমাদের দেখতে হবে কী ঘটতে যাচ্ছে।’

কাবুলে এক রাজনৈতিক নেতা হত্যার স্মরণসভায় শুক্রবার বন্দুকধারীদের হামলায় প্রায় ৩০ জন নিহত হওয়ার পর এমন মন্তব্য করেন আমেরিকান প্রেসিডেন্ট। ওই হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট-আইএস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত