২০ মার্চ আসছে বাপ্পী-অপুর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’

আপডেট : ০৭ মার্চ ২০২০, ০৬:০৬ পিএম

অবশেষে মুক্তির তারিখ ঘোষণা করল আলোচিত সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’। জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ও ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস জুটির প্রথম সিনেমা মুক্তি পাবে ২০ মার্চ। বৃহস্পতিবার (৫ মার্চ) প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া সিনেমা মুক্তির খবরটি নিশ্চিত করে।

সিনেমার মুক্তি উপলক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ টিম। বৃহস্পতিবার সন্ধ্যায় সিনেমার মুক্তি উপলক্ষে ফেসবুক লাইভে এসেছিলেন নায়ক বাপ্পী চৌধুরী ও পরিচালক দেবাশীষ বিশ্বাস। তারা সিনেমাটি হলে গিয়ে দেখার জন্য দর্শকের প্রতি আহ্বান জানান।

এদিন ‘বলছে আকাশ মুখ লুকিয়ে’ শিরোনামের রোমান্টিক একটি গান ইউটিউবে প্রকাশিত হয়। লিখেছেন সুদীপ কুমার দীপ। শ্রী প্রিতমের সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী কুমার শানু। এ ছাড়া প্রকাশ হয়েছে সিনেমার দ্বিতীয় অফিশিয়াল পোস্টার।    

সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন দেবাশীষ বিশ্বাস। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত চলচ্চিত্রটির প্রযোজক সৈয়দ আশিক রহমান।

সিনেমাটি নিয়ে জানতে চাইলে সৈয়দ আশিক রহমান বলেন, ‘বেঙ্গল মাল্টিমিডিয়া এবং আরটিভি সুস্থ ধারার বিনোদনের পাশে রয়েছে সব সময়। আমরা দেশের চলচ্চিত্রের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। আমি মনে করি ভালো গল্প ও নির্মাণশৈলীর সিনেমার দর্শক রয়েছে। এই সিনেমায় একঝাঁক গুণী তারকা শিল্পী অভিনয় করেছেন। সবাই দর্শকনন্দিত। এর আগে যদি একদিন বা সাপলুডু সিনেমার মধ্যে দিয়ে দর্শক বেঙ্গল মাল্টিমিডিয়ার সিনেমার প্রতি আস্থা রেখেছেন। দেশের পর বিদেশের সিনেমা হলেও দর্শকের ভীষণ আগ্রহ দেখেছি আমরা। তেমনিভাবে শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২ সিনেমাটিও দর্শক গ্রহণ করবেন আমার বিশ্বাস।’

তারকা বহুল রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে। সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সংগীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম, আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত