যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন দাবি করেছেন, মানসিক চাপ এবং উদ্বেগ কমানোর উপায় হিসেবে মনিকা লিউনস্কির সঙ্গে তার সম্পর্ক হয়েছিল।
বিবিসির খবরে বলা হয়েছে, ‘হিলারি’ নামের একটি ধারাবাহিক তথ্যচিত্রে তিনি এই মন্তব্য করেন।
মনিকা লিউনস্কির সঙ্গে সম্পর্ক নিয়ে তদন্তকারীদের কাছে মিথ্যা বলার অভিযোগে ১৯৯৮ সালে বিল ক্লিনটনকে অভিশংসন করা হয়। পরে সিনেটের শুনানিতে তিনি রেহাই পান।
তাদের ওই সম্পর্কের সময় লিউনস্কি ছিলেন হোয়াইট হাউজে ২২ বছর বয়সী একজন শিক্ষানবিশ।
মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এবং তথ্যচিত্র নির্মাতা প্রতিষ্ঠান হুলুকে ক্লিনটন বলেছেন, ‘আমি যা করেছি, তা খারাপ ছিল, কিন্তু এটা এরকম ছিল না যে, কাজটা আমি ভেবেচিন্তে করেছি।’
‘সবার জীবনেই চাপ, অসন্তোষ এবং ভীতি রয়েছে। বছরের পর বছর ধরে চলা মানসিক চাপ, উদ্বেগ সামলাতে আমি সেসব কাজ করেছি।’
১৯৯০ এর দশকের শেষদিকে প্রেসিডেন্ট থাকাকালীন মনিকা লিউনস্কির সঙ্গে তার সম্পর্কের বিষয়টি সংবাদমাধ্যমে প্রধান খবর হয়ে ওঠে। প্রথমে ওই সম্পর্কের কথা অস্বীকার করেন ক্লিনটন। এক পর্যায়ে স্বীকার করতে বাধ্য হন।
