সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যুর পর অ্যাম্বুলেন্সে পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

আপডেট : ০৭ মার্চ ২০২০, ০৭:৪৫ পিএম

দিনাজপুরের বিরল উপজেলায় একটি দ্রুতগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা অ্যাম্বুলেন্সটিতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়।

উপজেলার দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের তেঘরা হাড্ডিগ্রাম এলাকায় শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বিরল উপজেলার চক কাঞ্চন নতুনপাড়া এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে মো. লাবু হোসেন (২৩) ও তেঘড়া সাহাপাড়া এলাকার মতিউর রহমানের ছেলে রাব্বি ইসলাম (২৫)। তারা দুজনই মোটরসাইকেল আরোহী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল যোগে ধুকুরঝাড়ী বাজারে যাওয়ার সময় দিনাজপুরগামী একটি দ্রুতগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই লাবু ও রাব্বি মারা যায়। পরে এলাকাবাসী ওই স্থানে জড়ো হয়ে রাস্তা অবরোধ করে এবং অ্যাম্বুলেন্সটিকে আটক করে অগ্নিসংযোগ করে।

ঘটনার সংবাদ পেয়ে বিরল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে করে প্রায় এক ঘণ্টা ওই সড়কে যানচলাচল বন্ধ ছিল বলে জানা যায়।

বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেখানে পুলিশ গিয়ে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত