সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের অবমাননা, অবজ্ঞার প্রতিবাদ এবং আশপাশের বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদের দাবিতে শহীদ মিনার কালো কাপড় দিয়ে ঢেকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন মুক্তিযোদ্ধারা।
গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় শহরের ডিএস রোডে মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে থেকে তাদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে তারা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।
মুক্তিযোদ্ধারা স্মারকলিপিতে উল্লেখ করেন, জেলা জজ কিছুদিন থেকে সুনামগঞ্জ শহীদ মিনার এলাকায় কাঁটাতার দিয়ে সীমানা সংকুচিত করেছেন।
এ বিষয়ে জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকতা বিশ্বজিৎ চৌধুরী লিখিত এক বক্তব্যে দেশ রূপান্তরকে জানান, নির্দিষ্ট জায়গায় সঠিক মাপে শহীদ স্মৃতিস্তম্ভটি আছে। স্মৃতিস্তম্ভ ব্যতিরেকে বাকি অংশের জায়গা নিয়ে আদালতে মামলা বিচারাধীন আছে। ওই সম্পত্তি সংক্রান্ত মোকদ্দমা বিচারাধীন থাকায় সে বিষয়ে কোনোরূপ মিছিল, সমাবেশ ও বিক্ষোভ প্রদর্শন করা আদালত অবমাননার শামিল। এ বিষয়ে মহামান্য সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়কে অবগত করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’
