গুপ্তহামলা থেকে অল্পের জন্য বেঁচে গেলেন সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদক। সোমবার রাজধানী খার্তুমে তার গাড়িবহরের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
বিবিসি জানায়, হামলার বিষয়টি টুইটারে নিজেই নিশ্চিত করেছেন হামদক।
তিনি বলেন, ‘সুদানের জনগণের প্রতি আশ্বস্ত করছি যে, আমি নিরাপদ এবং ভালো অবস্থানে আছি।’
হামদক বলেন, ‘যা কিছুই ঘটুক, কোনোভাবেই আমাকে পথ সরাতে পারবে না। বিপ্লবের পথে এটা অতিরিক্ত একটি ধাক্কা ছাড়া কিছু নয়।’
টুইটারে তিনি হাসিমুখে অফিস করার কিছু ছবিও পোস্ট করেন।
ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, বোমা বিস্ফোরণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে হামদকের গাড়িবহর। প্রধানমন্ত্রী অফিসের এক সূত্র জানায়, অফিসে যাওয়ার পথে তার ওপর এই হামলা চালানো হয়।
তবে কারা এই হামলা চালিয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। কেউ এখন দায় স্বীকারও করেনি।
দেশটির তথ্যমন্ত্রী ফালিহ সালিহ জানায়, ঘটনার তদন্ত চলছে। হামলার পেছনে কারা জড়িত শনাক্ত করা হবে।
তিন দশকের একনায়কতান্ত্রিক সামরিক শাসক ওমর আল বশিরের বিরুদ্ধে ২০১৯ সালের ডিসেম্বরে দেশটিতে গণ-আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনের মুখে ১১ এপ্রিল সেনাবাহিনী বশিরকে সরিয়ে দেয়। এরপর সেনাবাহিনী দেশটির ক্ষমতা নিয়ন্ত্রণে নিয়ে নিলেও জনগণের বিক্ষোভের মুখে তারাও পিছু হটে।
পরবর্তীতে আগস্টে সুদানে মিলিটারি কাউন্সিল ও গণতন্ত্রপন্থী বিরোধী দলগুলোর মধ্যে শাসনতান্ত্রিক সংস্কার প্রশ্নে ঐতিহাসিক সাংবিধানিক চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুসারে বেসামরিক ব্যক্তি হিসেবে দেশটির প্রধানমন্ত্রী হন হামদক।
