শিক্ষা কর্মকর্তার বিক্রি করা সরকারি পাঠ্যবই ভর্তি ট্রাক জব্দ করলেন ইউএনও

আপডেট : ০৯ মার্চ ২০২০, ০৭:৪১ পিএম

ঝালকাঠিতে রাজাপুর উপজেলা সদরে মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শ্রেণির সরকারি নতুন ও পুরোনো মিলিয়ে প্রায় ২০ টন পাঠ্যবই বিক্রির সময় আটক করেছে প্রশাসন।

সোমবার বেলা এগারোটার দিকে রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষ থেকে বিপুল পরিমাণ বই ট্রাকে ভরে নিয়ে যাওয়ার সময় গোপন খবরের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ হাওলাদার সেগুলো আটক করেন।

জানা গেছে, স্থানীয় ভাঙারি ব্যবসায়ী আ. জলিলের কাছে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির নতুন ও পুরোনো মিলিয়ে উপজেলার কয়েকটি বিদ্যালয়ের প্রায় ২০ টন বই ১৩ টাকা ৭৫ পয়সা দরে গোপনে বিক্রি করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার তালুকদার। সকালে আ.জলিল বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ক্রয়কৃত বই সৈয়দপুরের এক ব্যবসায়ীর কাছে পাঠানোর জন্য ট্রাকে লোড করছিলেন।

সরকারি বই প্রকাশ্য নিলামের মাধ্যমের বিক্রয়ের বিধান থাকলেও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার তালুকদার তা মানেননি এবং  সরকারি পুরোনো বই বিক্রয় সংক্রান্ত এ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ ব্যাপারে অবহিতও করেননি। তাছাড়া নিয়ম অনুযায়ী ২০১৮ সাল পর্যন্ত পুরোনো বই বিক্রির অনুমতি থাকলেও ২০১৯ সালের বইও বিক্রি করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

এ ব্যাপারে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার তালুকদারের নাম উল্লেখ করে দুপুরে রাজাপুর থানায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করেছেন।

অভিযুক্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার তালুকদার বলেন, সরকারি এ বই নিয়ম অনুযায়ীই বিক্রি করা হয়েছে। নতুন বই রাখার স্থান না থাকায় ২০১৮ সালের পুরোনো বই ও ২০১৯ সালের নতুন বই একই স্থানে থাকায় কিছু নতুন বই বিক্রয় করা বইগুলোর সঙ্গে মিশে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার বলেন, নিয়ম অনুযায়ী ২০১৮ সাল পর্যন্ত পুরোনো বই বিক্রির অনুমতি থাকলেও ২০১৯ সালের বই বিক্রির কোন অনুমতি নেই। শিক্ষা কর্মকর্তা গোপনে নতুন বইও বিক্রি করেছেন জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে ট্রাকসহ বই জব্দ করা হয়েছে। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করার পাশাপাশি বিষয়টি দুদককে জানানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত