বগুড়ায় ‘গোলাগুলিতে’ ১৫ মামলার আসামি নিহত

আপডেট : ১০ মার্চ ২০২০, ০৯:৩৮ এএম

বগুড়া শহরে গোলাগুলিতে দেড় ডজন মামলার আসামি কবির হোসেন ওরফে মিনকো নিহত হয়েছেন।

সোমবার দিবাগত মধ্যরাতে দু’দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলিতে মিনকো নিহত হয় বলে দাবি পুলিশের।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, ৮ রাউন্ড রিভলবারের গুলি, একটি ওয়ান শুটার গান, একটি চাপাতি এবং একটি অত্যাধুনিক বার্মিজ চাকু উদ্ধার করেছে।

নিহত মিনকো বগুড়া শহরের চকফরিদ কলোনি এলাকার আজিজুল হকের ছেলে। তার বিরুদ্ধে জোড়াখুন, সন্ত্রাসী, চাঁদাবাজি, মারপিটসহ বিভিন্ন অভিযোগে মামলা ১৫টি মামলা রয়েছে।

বগুড়ার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, সোমবার রাত দেড়টার দিকে শহরের মালতীনগর ভাটকান্দি ব্রিজ এলাকায় প্রচণ্ড গোলাগুলির খবর পান।

বিষয়টি জানার পর তিনিসহ বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান, ডিবি পুলিশের পরিদর্শক আসলাম আলীসহ তাদের টিম ঘটনাস্থলে যান।

সেখানে গিয়ে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেজ) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সনাতন চক্রবর্তী জানান, হাসপাতালে থাকা লোকজন লাশটি মিনকোর বলে শনাক্ত করে।

১৫টি মামলার আসামি মিনকো সর্বশেষ ২০১৯ সালে অস্ত্রসহ গ্রেপ্তার হয়ে জেলহাজতে ছিলেন। মাস চারেক আগে তিনি জামিনে ছাড়া পেয়েছে বলে তারা জানতে পেরেছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে রয়েছে।

নিহতের স্বজনদের বিষয়টি জানানো হয়েছে বলেও উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত