গাজীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেকে নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মসূচি স্থগিত করা হয়েছে।
বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরির মাধ্যমে ‘মানুষের দ্বারা তৈরি সবচেয়ে বড় মোজাইক ছবি’ এই নামে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস এ নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ।
জাতির জনকের প্রতি সম্মান জানাতে ১৭ মার্চ গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হয়। তবে করোনাভাইরাসের কারণে এ কর্মসূচি স্থগিতের ঘোষণা করা হয়।
মঙ্গলবার সকালে গাজীপুরে বঙ্গতাজ অডিটোরিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে মেয়র জাহাঙ্গীর আলম এ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।
পরবর্তীতে সুবিধাজনক সময়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এ নাম লেখাতে ‘মানুষের দ্বারা তৈরি সবচেয়ে বড় মোজাইক ছবি’ তৈরির কর্মসূচিটি গ্রহণ করা হবে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে মেয়র বলেন, জাতির পিতার প্রতি সম্মান প্রদর্শন স্বরূপ বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরির মাধ্যমে বিশ্বকে জানিয়ে দিতে চায়।
তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমরা এমন কিছু করবো যা বিশ্ব রেকর্ডের মাধ্যমে বিশ্বের কাছে তুলে ধরতে পারি এবং এক্ষেত্রে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস একটি অন্যতম মাধ্যম হিসেবে কাজ করবে।
