রাজধানীর নদী দখলমুক্ত করতে সাড়ে ৮শ কোটি টাকার প্রকল্প: প্রতিমন্ত্রী

আপডেট : ১০ মার্চ ২০২০, ০৯:৩৮ পিএম

বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও তুরাগসহ রাজধানীর আশপাশের নদীগুলো স্থায়ীভাবে দখল এবং দূষণমুক্ত করতে পরিকল্পিতভাবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি জানান, প্রকল্পটির অধীনে ঢাকার চারপাশের বিভিন্ন নদীর তীরে নতুন করে উচ্চ ক্ষমতাসম্পন্ন সীমানা পিলার স্থাপন, তীররক্ষা ওয়াকওয়ে ও জেটিসহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণকাজের জন্য ইতিমধ্যে ৮শ ৪৮ কেটি ৫৫ লাখ টাকার একটি বৃহৎ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এটি বাস্তবায়নে নৌ-পরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএ যৌথভাবে কাজ শুরু করছে।

মঙ্গলবার বিকেলে বুড়িগঙ্গা নদীর তীরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলা মুন্সিখোলা এলাকায় নদী থেকে পণ্য পরিবহন কাজে ব্যবহার করার জন্য ৬ টি জেটি নির্মাণ কাজের উদ্বোধন করেন নৌ পরিবহন  প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

প্রতিমন্ত্রীর পরিদর্শনকালে সেখানে উপস্থিত ছিলেন রাজধানীর শ্যামপুর এলাকার সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য  সানজিদা খানম, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরি, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকার চারপাশের নদীর দূষণ রোধে সকল শিল্প এলাকার কারখানার মালিকদের ইটিপি প্ল্যান্ট স্থাপন করে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে পরিবেশ অধিদপ্তর এবং ওয়াসা কর্তৃপক্ষ কাজ করছে।

তিনি বলেন, বিআইডব্লিউটিএ পাইলট প্রকল্প হিসেবে রাজধানীর সদরঘাটে দুটি ইটিপি প্ল্যান্ট স্থাপন করেছে। এটি আশাব্যঞ্জক হলে ঢাকার চারপাশের নদীর তীরের দূষিত পানি এসে পড়ছে এমন ৫০ টি স্থানে এই ইটিপি প্ল্যান্ট স্থাপন করা হবে। এর ফলে নদী দূষণমুক্ত হওয়ার পাশাপাশি পানি ব্যবহার করাও উপযোগী হয়ে উঠবে। মুজিব বর্ষকে সামনে রেখে আগামী ১৬ মার্চ এই ইটিপি প্ল্যান্ট দুটি উদ্বোধন করার কথাও জানান নৌ-প্রতিমন্ত্রী।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত