সৈয়দ জামিল আহমেদের নতুন নাটক ‘মন্ত্রাস ৪.৪৮’

আপডেট : ১১ মার্চ ২০২০, ০৯:৪১ পিএম

নতুন নাটকের মহড়া শুরু করেছেন দেশের প্রখ্যাত নাট্যনির্দেশক সৈয়দ জামিল আহমেদ। মে মাসের শেষের দিকে ‘মন্ত্রাস ৪.৪৮’ নামের এ নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে।

সারাহ কেইনের লেখা থেকে নাটকটি প্রযোজনা করছে নাট্য সংগঠন ‘স্পর্ধা’। এর আগে শহিদুল জহিরের উপন্যাস থেকে জামিল আহমেদের নির্দেশনায় ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ নাটকটিও প্রযোজনা করেছিল দলটি। ‘মন্ত্রাস ৪.৪৮’ নাটকটি স্পর্ধার দ্বিতীয় প্রযোজনা।

স্পর্ধা’র প্রতিষ্ঠাতা সদস্য মহসিনা আক্তার দেশ রূপান্তরকে বলেন, ‘চলতি সপ্তাহ থেকে ‘মন্ত্রাস নাটকের মহড়া শুরু হয়েছে। সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী মে মাসের শেষের দিকে নাটকটি মঞ্চে আসবে। করোনাভাইরাসসহ নানা ঘটনায় একেবারেই নিশ্চিত করে তো বলার উপায় নেই। তবে আমরা চেষ্টা করছি, মে মাসের শেষের দিকে নাটকটি মঞ্চে আনতে।’

ঢাকার মঞ্চে সৈয়দ জামিল আহমেদের নাটক মানেই আলোচনা। এর আগে ‘চাকা’ ‘বিষাদ সিন্ধু’, ‘বেহুলার ভাসান’, ‘সঙভঙচঙ’ নাটকগুলো নির্দেশনা দিয়ে তুমুল প্রশংসিত হয়েছেন জামিল আহমেদ। পরে বেশ কিছুদিন বিরতি নিয়ে  ‘রিজওয়ান’, ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ নামের দুটি নাটক নির্দেশনা দেন। এ দুটি নাটক দেশের নাট্যাঙ্গনে রীতিমতো আলোচনার ঝড় তোলে। এবার এই নাট্যনির্দেশকের হাত ধরে মঞ্চে আসছে ‘মন্ত্রাস’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত