করোনাভাইরাস নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সব গণমাধ্যমকে অনুরোধ জানিয়েছে সরকার।
বুধবার সরকারি তথ্য বিবরণীতে এ অনুরোধ জানানো হয়েছে। এতে বলা হয়, করোনাভাইরাস বিশ্বের কিছু কিছু দেশে মহামারী আকারে ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে আমাদের জনজীবনে এ নিয়ে দুশ্চিন্তা বেড়েছে। দেশে এ পর্যন্ত তিনজনের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে। তবে বর্তমানে তাদের অবস্থাও ক্রমেই উন্নতির দিকে।
তথ্য বিবরণীতে আরও বলা হয়, করোনাভাইরাস নিয়ে দেশের অধিকাংশ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া দায়িত্বশীলভাবে সংবাদ পরিবেশন করছে। মিডিয়াসমূহ স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর), তথ্য মন্ত্রণালয়, তথ্য অধিদপ্তর ও বিভিন্ন সিটি করপোরেশন প্রেরিত করোনা প্রতিরোধ বা করোনামুক্ত থাকতে করণীয় বিষয়ে সংবাদ পরিবেশন করছে।
তবে কিছু প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও সোশ্যাল মিডিয়াতে করোনাভাইরাস সংক্রান্ত বিষয়ে অতিরঞ্জিত ও বিভ্রািন্তমূলক সংবাদ পরিবেশন করতে দেখা যাচ্ছে। ফলে জনমনে করোনাভাইরাস সম্পর্কে নানা ধরনের ভীতি তৈরি হচ্ছে, যা মোটেও কাম্য নয়।
গণমাধ্যমগুলো জনসাধারণকে করোনা সম্পর্কে সঠিক তথ্য দিয়ে সহায়তা করবে, এ প্রত্যাশা করে তথ্য বিবরণীতে বলা হয়, সত্যতা যাচাই করে করোনা সম্পর্কে তথ্য প্রকাশ করা এবং বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতি অনুরোধ জানানো যাচ্ছে। একই সঙ্গে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর), স্বাস্থ্য অধিদপ্তর এবং এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শ ও মতামত গুরুত্ব সহকারে প্রকাশ করার জন্য অনুরোধ জানানো হলো।
