মাটিরাঙ্গায় সহিংসতা: জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন

আপডেট : ১২ মার্চ ২০২০, ০৯:১৪ এএম

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গত ৩ মার্চের বিজিবি-গ্রামবাসীর সহিংসতার ঘটনা তদন্তে গঠিত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।

বুধবার রাত ১২টার কিছু সময় আগে খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সরকারি বাংলোয় তদন্ত প্রতিবেদন জমা দেন কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার রেজাউল করিম এবং বাকি দুই সদস্য।

বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান খোন্দকার রেজাউল করিম।

তবে তদন্তে ঘটনার কী কারণ উদ্‌ঘাটন হয়েছে সে বিষয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হয়েছে। মাঠপর্যায়ে যেসব তথ্য পাওয়া গেছে তা উল্লেখ করে প্রতিবেদন তৈরি করা হয়েছে।

কমিটির বাকি দুই সদস্য ছিলেন খাগড়াছড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি হাসান ও সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ হোসাইন। 

প্রসঙ্গত, গত ৩ মার্চ মাটিরাঙ্গার গাজীনগরে গাছ কাটাকে কেন্দ্র করে বিজিবির সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে ৫ জন নিহত ও ১ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়।

তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ৬ কার্যদিবসের মাথায় তদন্ত প্রতিবেদন জমা দেয়।

এ ঘটনায় বিজিবি ও নিহতদের পরিবার পাল্টাপাল্টি মামলা করেছে মাটিরাঙ্গা থানায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত