করোনাভাইরাস ছড়ানো রোধে ক্রিকেটারদের বলে থুতু না লাগানোর পরামর্শ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
ধর্মশালায় বৃহস্পতিবার স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের আগে খেলোয়াড়দের এই পরামর্শ দেয় ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা।
মূলত বোলিং করার আগে পেস বোলাররা বল চকচকে করানোর জন্য থুতু দিয়ে ট্রাউজারে ঘষেন যেটা বলের সুইংয়ে সাহায্য করে থাকে।
এ ব্যাপারে সংবাদ সম্মেলনে ভারতের পেস বোলার ভুবনেশ্বর কুমার বলেন, “এ মুহূর্তে স্বাস্থ্যঝুঁকি প্রবল। আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কিন্তু বল ঠিকঠাকমতো ঘষে চকচকে না করতে পারলে সুইং পাব কীভাবে? আমরা তো মার খেয়ে যাব।”
ভুবনেশ্বর এ ব্যাপার চিকিৎসকদের পরামর্শ নেওয়ার কথাই বলেছেন, “দলে আমাদের একজন চিকিৎসক আছেন। আমরা তাঁর সঙ্গে কথা বলব। দেখি উনি কী পরামর্শ দেন।”
অবশ্য বলে থুতু দেয়া যাবে কি- না সেনিয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা অন্য কোনো বোর্ড থেকে।
করোনাভাইরাস নিয়ে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা সকল ক্রিকেটার, দলের সাপোর্ট স্টাফ, রাজ্য সংস্থাগুলোর জন্য একটি বিবৃতি দিয়েছে।
করোনার প্রাদুর্ভাব রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সেসব পরামর্শ দেয়া আছে সেগুলোও মেনে চলতে বলা হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ক্রিকেটারদের হাত মেলানো এড়িয়ে যাওয়া, অপরিচিত ফোন দিয়ে সেলফি তোলা।
যেহেতু ভারতে ক্রিকেট নিয়ে উন্মাদনা আছে ও ভক্তরা ক্রিকেটারদের সংস্পর্শে আসতে চায়, সেক্ষেত্রে এটা নিয়ে বাড়তি গুরুত্ব দিচ্ছে বোর্ড।
ওদিকে সিডনিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছেন, “আমরা এখনই এটা নিয়ে আলাদাভাবে কথা বলিনি, আমাদের এখানে করোনাভাইরাস নিয়ে কাজ করছেন অনেকে। সেখানে যা আলোচনা হবে সেটাই আমরা করব।”
