রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক পাঠাও চালকসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- পাঠাও চালক কামরুল হাসান ফয়সাল ওরফে মোস্তফা (৩৫) এবং অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তি।
বৃহস্পতিবার ভোরে ও বুধবার রাত ১২টার দিকে পৃথক ঘটনায় এই প্রাণহানির ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত মোস্তফা গাজীপুরের টঙ্গীর মরকুন এলাকার মৃত আবুল হোসেন ওরফে আব্দুল আওয়ালের ছেলে।
মোস্তফার খালাতো ভাই ফয়েজ জানান, বুধবার রাত ১২টার দিকে সে (মোস্তফা) মোটরসাইকেল চালিয়ে ফার্মগেট বিজ্ঞান কলেজের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিলে সে মোটরসাইকেল থেকে ছিটকে পরে গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার ভোরে তেজগাঁও তিব্বত এলাকায় দুই বাসের মাঝখানে চাপা পড়ে অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তি মারা যান। তার পরনে ছিল প্যান্ট ও পাঞ্জাবি।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই শাহ আলম জানান, চ্যানেল আইয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় দুই বাসের চাপায় ওই ব্যক্তি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালের নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। বাস দুটি জব্দ করে থানায় আনা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
