রিয়াল-ম্যানসিটি, জুভেন্তাস-লিঁও ম্যাচ স্থগিত

আপডেট : ১২ মার্চ ২০২০, ১১:৪৫ পিএম

রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির মধ্যকার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচটি স্থগিত করা হয়েছে। মঙ্গলবার ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই দলের। কিন্তু করোনাভাইরাসের কারণে উয়েফা ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

শুধু রিয়াল-ম্যানসিটি নয়, একই দিন জুভেন্তাস ও লিঁওর মধ্যকার ম্যাচও স্থগিত করা হয়েছে।

রিয়াল মাদ্রিদ ক্লাব বৃহস্পতিবার করোনাভাইরাসের কারণে সব খেলোয়াড়কে কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নিয়েছে। বাতিল করেছে সব ধরনের অনুশীলনও। এরপরই লা লিগা কর্তৃপক্ষ দুই সপ্তাহের জন্য লিগ স্থগিত করে।

ওদিকে ইতালিতে সব ধরনের ক্রীড়া আয়োজনই স্থগিত করা হয়েছে ৩ এপ্রিল পর্যন্ত। বুধবার জুভেন্তাসের খেলোয়াড় ডেনিয়েল রুগানির শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস। এরপর ক্লাবটি তাদের খেলোয়াড়দের দুই সপ্তাহ কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নেয়।

এ অবস্থায় রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাস দুই দলের জন্যই চ্যাম্পিয়নস লিগের ম্যাচে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়। এ অবস্থায় ম্যাচ দুটি স্থগিত করে এক বিবৃতিতে উয়েফা জানায়, ‘জুভেন্তাস ও রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা কোয়ারেন্টিনে থাকায় ম্যাচগুলো নির্ধারিত সময়ে হবে না।’

তবে দ্বিতীয় লেগে বার্সেলোনা-নাপোলি ও বায়ার্ন মিউনিখ-চেলসির মধ্যকার ম্যাচ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত