শিক্ষার্থীদের চার দফা আন্দোলনের মুখে পদত্যাগপত্র জমা দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. শামছুন্নাহার বেগম।
বৃহস্পতিবার সকালে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার সময় এ তথ্য জানান বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম।
এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে দুটি মেনে নেওয়া হয়েছে। ইতিমধ্যে বিভাগের প্রধান বিশ^বিদ্যালয় উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর আগে বিভাগের ছাত্র উপদেষ্টা মুহাম্মদ ওমর ফারুকও পদত্যাগ করেছেন। একই সঙ্গে বিভাগের শিক্ষকরা ক্লাস, পরীক্ষা বন্ধের ঘোষণা প্রত্যাহার করেছেন। শিক্ষার্থীদের বাকি দুটি দাবি দীর্ঘমেয়াদি হওয়ায় পরে দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেন তিনি। এদিকে কোষাধ্যক্ষের এমন আশ্বাসে আন্দোলন থেকে সরে আসেন শিক্ষার্থীরা।
অধ্যাপক ড. শামছুন্নাহার বেগম দেশ রূপান্তরকে বলেন, ‘আমি মনে করি বিভাগে আমার অবস্থান সম্মানজনক পর্যায়ে নেই। তাই বৃহস্পতিবার সকালে উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর আমার পদত্যাগপত্র জমা দিয়েছি।’
