ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, নির্বাচনী এলাকার জনগণের প্রত্যাশা ও তাদের প্রয়োজন চিহ্নিত করা হয়েছে। ভোটাররা আগামী ২১ মার্চের নির্বাচনে আমাকে বিজয়ী করলে সংসদে গিয়ে তাদের প্রত্যাশা পূরণে জোরালো ভূমিকা রাখব। গতকাল শুক্রবার রাজধানীর জিগাতলার গাবতলা মসজিদের সামনে গণসংযোগপূর্ব পথসভায় তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ রবি বলেন, ‘আমি সমস্যাগুলো চিহ্নিত করেছি। এলাকায় মাদক ছড়িয়ে গেছে। রাস্তাঘাট সরু, ফুটপাত নেই। আমি নির্বাচিত হলে সিটি করপোরেশনকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলব। কোনো কোনো ক্ষেত্রে আমি তাদের বাধ্য করব।’
আওয়ামী লীগের প্রার্থী প্রতিনিয়তই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন এ অভিযোগ করে তিনি বলেন, ‘এ বিষয়ে নির্বাচন কমিশনে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না।’ আরেক প্রশ্নের জবাবে বিএনপি প্রার্থী বলেন, ‘সুষ্ঠু নির্বাচন ও নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের; যা তৈরি করতে তারা ব্যর্থ হয়েছে। নির্বাচন ব্যবস্থাপনায় সরকার ব্যর্থ হয়েছে বলে আমরা জনগণকে ভোটকেন্দ্রে আসার জন্য আহ্বান জানাচ্ছি।’
