ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনের টিকিট কাউন্টারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে মারধর করে তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে সংঘবদ্ধ টিকিট কালোবাজারিরা। গতকাল শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনার পর মোহাম্মদ আতাউল্লাহ (২৬) নামে ওই শিক্ষার্থী রেলওয়ে (জিআরপি) থানায় মামলা করেছেন।
ভুক্তভোগী আতাউল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি জেলার বিজয়নগর উপজেলায়।
শিক্ষার্থী আতাউল্লাহ বলেন, টিকিট কেটে স্টেশনে দাঁড়িয়ে মোবাইল ফোন দেখছিলাম। এ সময় চার-পাঁচজন কালোবাজারি ‘তাদের ছবি তুলছি’ এই সন্দেহে আমার ওপর হামলা চালিয়ে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আমি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি।
থানায় মামলা ও ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে (জিআরপি) থানার ওসি শ্যামল কুমার দাস বলেন, কিছুদিন আগেও পাঁচ টিকিট কালোবাজারিকে গ্রেপ্তার করে আদালতে দিয়েছি। টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
