সাংবাদিক মাহবুবুল আলমের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

আপডেট : ১৫ মার্চ ২০২০, ০২:০৯ এএম

একটি বেসরকারি টেলিভিশনের সাবেক প্রতিবেদক মাহবুবুল আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

গত বৃহস্পতিবার পুরান ঢাকার হোসেনি দালান এলাকার বাসিন্দা আশিকুর রহমান বাদী হয়ে চকবাজার থানায় ওই মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুদ্ধ সত্য নামের ইউটিউব চ্যানেল থেকে অসংখ্য ভিডিও প্রকাশ ও প্রচার করেছেন মাহবুবুল। এতে মাননীয় প্রধানমন্ত্রীসহ, রাষ্ট্রীয় শীর্ষ নেতৃবৃন্দের প্রতি কুৎসা রটনা ও রাষ্ট্রীয় সংস্থাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। ওই ভিডিওগুলো মিথ্যা, বানোয়াট, কল্পকাহিনীভিত্তিক এবং অপরাজনীতি চর্চার ধৃষ্টতা।

সাংবাদিক মাহবুবুল আলমের বিরুদ্ধে আক্রমণাত্মক, মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ আনা হয়েছে। এসব ভিডিও আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর উদ্দেশ্যে প্রচার করেছেন বলেও আশিকুর রহমান অভিযোগ করেছেন।

প্রসঙ্গত, সুইডেনভিত্তিক সংবাদমাধ্যম নেত্র নিউজে প্রকাশিত একটি প্রতিবেদন মাহবুবুল আলম তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন। সেই সংবাদটি ছিল ডাক বিভাগের মোবাইল মানি ট্রান্সফার সেবা ‘নগদ’কে নিয়ে ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত