করোনা ইস্যুতে শি’কে ‘ভাঁড়’ বলা সেই সাবেক কর্মকর্তা নিখোঁজ

আপডেট : ১৫ মার্চ ২০২০, ০২:৫৫ পিএম

চীনের প্রভাবশালী সাবেক এক সরকারি কর্মকর্তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত মাসে তিনি চীনের প্রেসিডেন্ট শি চিনপিংকে ভাঁড় বলে সমালোচনা করেছিলেন।

নভেল করোনাভাইরাস মোকাবিলায় চীনের নেওয়া পদক্ষেপের বিষয়ে ফেব্রুয়ারিতে দীর্ঘ ভাষণ দেন চিনপিং। সেই ভাষণের কঠোর সমালোচনা করেন রাষ্ট্রায়ত্ত চাইনিজ ডেভেলপার কোম্পানির সাবেক কর্মকর্তা রেন ঝিকিয়াং। তিনি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টিরও সদস্য।

ঝিকিয়াংয়ের তিন বন্ধু রয়টার্সের কাছে অভিযোগ করেন, ১২ মার্চ থেকে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

‘আমাদের অনেক বন্ধুই তার সন্ধানে নেমেছে,’ জানিয়ে ঝিকিয়াংয়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ওয়াং ইং বলেন, ‘আমরা সত্যি চিন্তিত।’

রয়টার্স থেকে রেন ঝিকিয়াংয়ের মোবাইলে কল করা হলে কেউ রিসিভ করেননি। বেইজিং পুলিশও রবিবার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। চীনের স্টেট কাউন্সিল অফিস থেকে রয়টার্সের করা ফ্যাক্সবার্তার কোনো জবাব দেওয়া হয়নি।

রেন ঝিকিয়াং মূলত শি’র সমালোচনা করে একটি নিবন্ধ লেখেন, যা পরে অনলাইনেও ছড়িয়ে পড়ে।

নিবন্ধে শি’র নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘ভাষণ পর্যালোচনা করে সেখানে কোনো সম্রাটকে দাঁড়িয়ে তার নতুন পোশাক প্রদর্শন করতে দেখা যাচ্ছে না, বরং এক ভাঁড়কে নগ্ননৃত্য করতে দেখা যাচ্ছে, যে সম্রাট হিসেবে নিজের মেয়াদ বাড়াতে চেষ্টা করছে।’

ঝিকিয়াং এর আগেও অনলাইনে শি সরকারের সমালোচনা করেছিলেন। এজন্য ২০১৬ সালে বছরখানেকের জন্য তার পার্টির সদস্যপদ স্থগিত রাখা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত