নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাসের আগুনে দগ্ধ আশরাফুল ইসলাম (৩৫) মারা গেছেন। রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার শরীরের ৭৩ শতাংশ পুড়ে গিয়েছিল। একই ঘটনায় দগ্ধ তার স্ত্রী রুজিনা আক্তার (৩০) এখনো বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আশরাফুলের লাশ মর্গে রাখা হয়েছে। তার স্ত্রী রুজিনার অবস্থাও আশঙ্কাজনক। রুজিনার শরীরের ৬৩ শতাংশ পুড়ে গেছে।
স্বজনরা জানান, সোনারগাঁয়ের কাঁচপুর সোনাপুর এলাকায় একটি একতলা বাসায় ভাড়া থাকতেন ওই দম্পতি। আশরাফুল মদনপুরে একটি কারখানায় নিরাপত্তা প্রহরী ছিলেন। আর রুজিনা আদমজী গার্মেন্টসে হেলপার হিসেবে চাকরি করেন। গত শনিবার ভোরে রুজিনা রান্নাঘরে চুলায় ভাতের হাঁড়ি বসিয়ে বাথরুমে যান। তখন আশরাফুল ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। এ দম্পতির বাড়ি রংপুরের কোতোয়ালি থানায়।
