বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রংপুরের কেরামতিয়া হাই স্কুল। রবিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ঢাকার আরমানিটোলা স্কুলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন রংপুরের কেরামতিয়া স্কুল।
কেরামতিয়ার হয়ে গোল করেন মোহাম্মদ বিশাল ও রেজাউল ইসলাম। ৩ মিনিটে ফিল্ড গোল থেকে দলকে এগিয়ে দেন বিশাল। ৫৪ মিনিটে ফিল্ড গোল থেকেই ব্যবধান দ্বিগুণ করেন রেজাউল।
বিপরীতে একাধিকবার সুযোগ পেয়েও প্রতিরোধ গড়তে পারেনি ২০০৩ ও ২০১২ আসরের চ্যাম্পিয়ন আরমানিটোলা। দেশের হকির সূতিকাগার হিসেবে পরিচিত পুরান ঢাকার যে স্কুলটি। ঐতিহ্যবাহী স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন কেরামতিয়া স্কুলের ছেলেদের উল্লাসটা তাই ছিল চোখে পড়ার মতো।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রানার্সআপ আরমানিটোলা হাই স্কুলের গোলরক্ষক সুরাজ দাস। সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুলের জাহিদ হোসেন (৮ গোল)। সেরা গোলরক্ষক হয়েছেন চ্যাম্পিয়ন রংপুরের কেরামতিয়া হাই স্কুলের গোলরক্ষক মুহতাসিন মাহমুদ।
উল্লেখ্য এ বছরের ২৫ জানুয়ারি থেকে ৮০টি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে দেশব্যাপী ৯টি ভেন্যুতে শুরু হয় বঙ্গবন্ধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি। প্রতিটি ভেন্যু থেকে সেরা দুটি করে দল নিয়ে মোট ১৮টি স্কুল নিয়ে ঢাকায় শুরু হয় চূড়ান্ত পর্ব।
সেখান থেকে সেরা ৬টি দল নিয়ে আয়োজিত হয় চূড়ান্ত রাউন্ডের দ্বিতীয় পর্ব। আর ৬ দল থেকে নির্ধারিত হয় শেষ চার। সেমিফাইনালে দিনাজপুরের সরকারি যুবলী স্কুলকে ২-০ গোলে হারিয়ে রংপুরের কেরামতিয়া হাই স্কুল এবং রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুলকে ১-০ গোলে হারিয়ে ঢাকার আরমানিটোলা হাই স্কুল ফাইনালে ওঠে আসে।
