ঝালকাঠিতে গাছভর্তি টমটমের চাপায় আমিনুল ইসলাম হারুন মোল্লা (৪০) নামে এক সৌদিপ্রবাসীর মৃত্যু হয়েছে।
রবিবার সন্ধ্যা ৭টার দিকে জেলার রাজাপুর উপজেলার উত্তমপুর বাজার সংলগ্ন ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে। নিহত হারুন মোল্লা উপজেলার চল্লিশকাহনিয়া এলাকার মৃত নুর উদ্দিন মোল্লার ছেলে। ঘটনার পর পুলিশ টমটমটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় গাছবাহী টমটমটি উত্তমপুর বাজার সংলগ্ন ব্রিজ থেকে ঢালে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের মজিদ খানের চায়ের দোকানের ওপর উঠিয়ে দেয়।
এ সময় দোকানে থাকা হারুন মোল্লা, ইউসুব মোল্লা, হাবিব ও দোকানের মালিক মজিদ খান গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুন মোল্লাকে মৃত ঘোষণা করেন।
এ ছাড়া আহত মজিদ খানের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। গাছসহ টমটমটিকে আটক করা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
