নারায়ণগঞ্জে ডিজে পার্টি বন্ধের ঘোষণা এসপির

আপডেট : ১৬ মার্চ ২০২০, ০২:৩৪ পিএম

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. জায়েদুল আলম বলেছেন, 'বিয়ের অনুষ্ঠানে গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে গান-বাজনা করে থাকলে আমাদের জানাবেন। পুলিশ গিয়ে সাউন্ড বক্সসহ অন্যান্য সরঞ্জাম তুলে নিয়ে আসবে।’

রবিবার বিকেলে ফতুল্লা মডেল থানার ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানে ডিজে পার্টির নামে উচ্চ শব্দে গানবাজনা বন্ধ ঘোষণা করে পুলিশ সুপার বলেন, বিয়ের অনুষ্ঠানে ডিজে পার্টির নামে উচ্চ শব্দে সাউন্ড দিয়ে গান বাজনা ধর্মে নেই। আমরাও এটাকে প্রশ্রয় দিব না। ডিজে পার্টির সাউন্ডে অনেক মানুষ যন্ত্রণা পায়। যেখানে ডিজে পার্টি হবে সেখানেই পুলিশ গিয়ে সাউন্ড বক্স জব্দ করে থানায় নিয়ে আসবে। জব্দ করা সাউন্ড বক্স কখনো ফেরত দেওয়া হবে না।

তিনি আরও বলেন, ৮০ ভাগ ছেলে-মেয়েকে মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত করতে বাবা-মা-ই পারে উল্লেখ করে নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেন, এলাকায় ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে। এখন তো আর পাকিস্তানি নাই। তাই এখন মাদকাসক্ত, মাদক বিক্রেতা ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে হবে।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিকেএমইএ'র প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী, ফতুল্লা থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ শাহাদাত হোসেন, ফতুল্লা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোস্তফা কামাল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত