অধ্যক্ষের অপসারণের দাবিতে এক ঘণ্টা ক্লাস বর্জন করে কর্মবিরতি পালন করেছেন নীলফামারীর ছবির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-কর্মচারীরা।
গতকাল সোমবার সকাল ৯টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে প্রতিষ্ঠান চত্বরে অবস্থান নিয়ে কর্মবিরতি করেন তারা। এরপর ক্লাস বিরতির সময় (২টার দিকে) একই দাবিতে প্রতিষ্ঠানের সামনের সড়কে তারা মানববন্ধন করেন।
প্রতিষ্ঠানের স্কুল শাখার সিনিয়র শিক্ষক তিমির কুমার বর্মণের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক মিজানুর রহমান, মাহবুবুল হক, ফাতেমা বেগম, রিনা রানী দাস, শাহানা বেগম প্রমুখ।
বক্তাদের অভিযোগ, অর্থের বিনিময়ে নিয়োগ কমিটিকে প্রভাবিত করে ২০১৬ সালের ২২ ডিসেম্বর ঐতিহ্যবাহী ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন মেসবাহুল হক। প্রতিষ্ঠানে যোগদানের পর থেকেই একনায়কতন্ত্র কায়েম করে জড়িয়ে পড়েন দুর্নীতি, স্বেচ্ছাচারিতায়। তিন বছর ধরে প্রতিষ্ঠানের নামে বরাদ্দকৃত সরকারি-বেসরকারি অনুদানের অর্থ এবং প্রতিষ্ঠানের অন্যান্য আয়ের অর্জিত অর্থ ভুয়া ভাউচার তৈরি করে আত্মসাৎ করে আসছেন। তার এসব অপকর্মের কারণে ঐতিহ্য হারাতে বসেছে শিক্ষাপ্রতিষ্ঠানটি।
এ বিষয়ে মেসবাহুল হককে ফোন দেওয়া হলে তিনি জরুরি সভায় আছেন, পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।
