মানিকগঞ্জে ৩২৭ জন বিদেশ ফেরত কোয়ারেন্টাইনে

আপডেট : ১৭ মার্চ ২০২০, ১১:৫০ এএম

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩ জন বেড়ে ৩২৭ জন বিদেশ ফেরত কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গত ৩ দিনে ৬৩ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে মুক্তি দেওয়া হয়েছে।

মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত জেলার সাতটি উপজেলায় বিদেশ ফেরত ৩২৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হলো। তবে এদের কারও শরীরে করোনাভাইরাসের উপসর্গ পাওয়া যায়নি। সদ্য বিদেশ ফেরত হওয়ার কারণে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।

মানিকগঞ্জের সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জে প্রায় ১২০০ বিদেশ ফেরত ব্যক্তি রয়েছে।

তারা সম্প্রতি ইতালি, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব ও সিঙ্গাপুর থেকে ছুটিতে এসেছেন।

করোনাভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসক এসএম ফেরদৌস সভাপতি ও সিভিল সার্জনকে সদস্যসচিব করে ১১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি করা হয়েছে।

এদিকে, করোনাভাইরাস প্রতিরোধে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পুরুষ ১২ জন ও নারী ৫ জনের জন্য মোট ১৭ বেডের আইসোলেশন ইউনিট তৈরি রাখা হয়েছে।

তাছাড়া মানিকগঞ্জ আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউশন ভবনে প্রস্তুত আছে ১০০ শয্যার কোয়ারেন্টাইন ইউনিট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত