করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব জুড়ে খেলাধুলা থমকে গেলেও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত দিন-তারিখ অনুযায়ীই মাঠে গড়াবে বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি।
সূচি অনুযায়ী ১৮ অক্টোবর অস্ট্রেলিয়ায় পর্দা উঠবে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের। সাতটি ভেন্যুতে হবে শিরোপার লড়াই। ১৫ নভেম্বর মেলবোর্নে হবে ফাইনাল।
কিন্তু মরণঘাতী করোনাভাইরাসের কারণে এলোমেলো হয়ে পড়েছে বিশ্ব খেলাধুলা। পিছিয়ে দেওয়া হয়েছে ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি আসর আইপিএল। স্থগিত করে দেওয়া হয়েছে ইউরোপের শীর্ষ পাঁচটি ফুটবল লিগ ও চ্যাম্পিয়নস লিগের লড়াই। এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে ইউরো চ্যাম্পিয়নশিপের লড়াই। থমকে গেছে অন্যান্য খেলাধুলার ইভেন্টগুলোও।
এরপরও সময়মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আশাবাদী আইসিসি। এক বিবৃতিতে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা বলছে- “করোনাভাইরাস নিয়ে সংকটকালীন অবস্থা আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ এর স্থানীয় আয়োজক কমিটি যথাযথ কর্তৃপক্ষদের নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছে।”
“১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর আইসিসি মেনজ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ সূচি অনুযায়ী অস্ট্রেলিয়ার সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী এই আয়োজন এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছি আমরা।”
