সুনামগঞ্জে বর্ডার হাট দোকান বরাদ্দে অনিয়মের প্রতিবাদে অনশন

আপডেট : ১৮ মার্চ ২০২০, ০৮:১২ পিএম

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমা‡ন্ত নতুনভাবে নির্মিত একটি বর্ডার হাটে পণ্যবিক্রেতাদের জন্য দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ এনে প্রতিবাদী অনশন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার দুপুরে সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে ওই সীমান্ত হাটের পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের ১১ বাসিন্দা। তারা হাটে দোকান বরাদ্দের আবেদন করেও পায়নি।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলায় নতুন করে দুটি বর্ডার হাট হচ্ছে। এসব হাটে পণ্যবিক্রেতাদের দোকান বরাদ্দের জন্য সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি কমিটি রয়েছে। এর মধ্যে তাহিরপুর উপজেলার সায়দাবাদ-নালিকাটা বর্ডার হাটে দোকান বরাদ্দ পেতে আবেদন করে ৩৩৯ জন। গত ৮ মার্চ লটারির মাধ্যমে ৫০ জনের নামের একটি খসড়া তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে ২৫ জনকে রাখা হয়েছে অপেক্ষমাণ তালিকায়। পরে এসব তালিকা যাচাই-বাছাইয়ের জন্য উপজেলা প্রশাসন ও পুলিশের বিশেষ শাখায় পাঠানো হয়। নীতিমালা অনুযায়ী বর্ডার হাটের পাঁচ কিলোমিটারের মধ্যে থাকা বাসিন্দারা দোকান বরাদ্দ পাবে।

অনশনে অংশ নেওয়া তাহিরপুরের বিন্নাকুলি গ্রামের আবদুল কাইয়ুম চৌধুরী জানান, তার বাড়ি ওই বর্ডার হাটের পাঁচ কিলোমিটারের মধ্যে। তিনি একটি দোকান বরাদ্দের জন্য আবেদন করেছিলেন। লটারির সময় তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে গেলে তাকে সেখানে ঢzকতে দেওয়া হয়নি। তিনি বলেন, ‘কমিটির লোকজন তাদের ইচ্ছেমতো লোকদের দোকান বরাদ্দ দিয়েছে। লটারি হয়েছে গোপনে। আবেদনকারী কাউকে বিষয়টি জানানো হয়নি।’

অনশনে থাকা লাউড়েরগড় গ্রামের বাসিন্দা তছকির আহমদ বলেন, ‘বর্ডার হাট থেকে ১০-১২ কিলোমিটার দূরের বাসিন্দারাও দোকান বরাদ্দ পেয়েছে।’

এ ব্যাপারে জানতে চাইলে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ বলেন, আমার কাছেও এ বিষয়ে অভিযোগ এসেছে। এখন যে তালিকা প্রকাশিত হয়েছে সেটি খসড়া। এ তালিকা যাচাই-বাছাই হচ্ছে। নীতিমালার বাইরে কেউ দোকান বরাদ্দ পেলে সেটি অবশ্যই বাতিল হবে। প্রয়োজনে আবার লটারি হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত