ভৈরবে হোম কোয়ারেন্টাইন না মানায় একজনকে জরিমানা

আপডেট : ১৯ মার্চ ২০২০, ০৯:৪৫ এএম

কিশোরগঞ্জের ভৈরবে হোম কোয়ারেন্টাইন না মানায় আকরাম হোসেন (৫০) নামে সৌদি ফেরত একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার বাড়ি ভৈরবের শিবপুর ইউনিয়নের শম্ভুপুর এলাকার ইতালিপাড়া গ্রামে। তিনি গত ১১ মার্চ সৌদি আরব থেকে দেশে ফেরেন। তার বাবার নাম মৃত মতিউর রহমান।

অপরদিকে হোম কোয়ারেন্টাইন মেনে না চলায় বুধবার রাতে অভিযান চালিয়ে ৭জনকে হাসপাতাল কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে।

এর আগে একই অপরাধে বুধবার দিনে ৬ জনকে হাসপাতাল কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছিল। এ নিয়ে মোট ১৩ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে হাসপাতাল কোয়ারেন্টাইনে নেওয়া হলো।

ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ জানান, আকরাম হোসেন গত ১১ মার্চ সৌদি আরব থেকে দেশে আসেন। দেশে আসার পর তাকে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়। কিন্তু হোম কোয়ারেন্টাইন না মানার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

বুধবার রাত ৮টার দিকে বাড়ির পাশে রেললাইনের ধারে হাঁটা-চলা করতে দেখে স্বাস্থ্য বিভাগের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে আটক করে।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং পরে তাকে ভৈরব ট্রমা হাসপাতালে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত