করোনাভাইরাসের কারণে ভারতে সফর শেষ না করেই ফিরতে হয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলকে। মঙ্গলবার দেশে ফিরলেও পরিবার পরিজনদের সঙ্গে ইচ্ছানুযায়ী মিশতে পারছেন না খেলোয়াড়রা।
বিদেশ সফর থেকে ফেরার কারণে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়েছে দলের সবাইকে, যাতে কেউ করোনার সংক্রমণ নিয়ে ফিরলে তা ছড়িয়ে না পরে।
ভারত সফরে দক্ষিণ আফ্রিকার তিনটি একদিনের ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু প্রথম ম্যাচ ধর্মশালায় বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচ খেলতে লখনৌতে পৌঁছে গিয়েছিল দুই দল। তার পরই করোনাভাইরাস আতঙ্কে বাতিল করা হয় এই সিরিজ। কিন্তু ১০ দিন ভারতের কাটাতে হয় তাদের।
ক্রিকেট সাউথ আফ্রিকার মেডিক্যাল টিম জানিয়েছে, সংক্রমণের সম্ভাবনা খুবই কম। তবে ভারত সফরের সময় দক্ষিণ আফ্রিকা দল দুবাই, দিল্লি, ধর্মশালা, লখনৌ ও কলকাতায় থেকেছে। তাই কোনো ঝুঁকি নিতে চাইছে না বোর্ড।
ভারত সফর শুরুর আগেই করোনাভাইরাসের ঝুঁকি নিয়ে পর্যালোচনা করেছিল বোর্ড। যেখানে প্রমাণ হয়েছিল ঝুঁকির পরিমান খুবই কম। ভারত সফরে পুরোটাই দক্ষিণ আফ্রিকা দলের জন্য চার্টার্ড ফ্লাইট ব্যবহার করা হয়েছে। তবুও ১৪ দিনের সময় নিয়ে দেখতে চাইছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
সবাইকে ১৪ দিনের ব্যক্তিগতভাবে গৃহবন্দী থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এর মাধ্যমে গোটা দেশকে একটা বার্তা দেওয়া হবে বলেও মনে করা করা হচ্ছে।
করোনাভাইরাসের কারণে এলোমেলো হয়ে পড়েছে বিশ্ব ক্রীড়সূচি। স্থগিত হয়ে পড়েছে আইপিএল। সেমি-ফাইনালে গিয়ে থেমে গেছে পাকিস্তান সুপার লিগ। ইউরোপে শীর্ষ পাঁচটি ফুটবল লিগ, চ্যাম্পিয়নস লিগসহ স্থগিত করে দেওয়া হয়েছে সব ধরনের ফুটবল প্রতিযোগিতা। অন্যান্য খেলারও একই দশা।
