মৌলভীবাজারে গ্রিসপ্রবাসী এক বরকে বিয়ের আসর থেকেই কোয়ারেন্টাইনে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে করোনাভাইরাস সংক্রমণ হতে পারে তা যেনেও বিয়ের আয়োজন করায় মেয়ের অভিভাবক ও কমিউনিটি সেন্টারকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়, সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের এক যুবক গ্রিস থেকে দেশে ফেরেন চলতি মাসের ৮ তারিখ। এরই মধ্য ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন না মেনে ১১ তম দিনে বরযাত্রীসহ বিয়ে করতে আসেন পৌর কমিউনিটি সেন্টারে।
খবর পেয়ে সেখানে হাজির হয়ে বিয়ে বন্ধ করে দেয় প্রশাসন। সেই সঙ্গে মেয়ের পক্ষকে ৫০ হাজার ও কমিউনিটি সেন্টারের ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বরকে পাঠানো হয় কোয়ারেন্টাইনে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নেছার উদ্দিন জানান, খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পৌর কমিউনিটি সেন্টারে গিয়ে বিয়ে বন্ধ করে দিয়েছে। সেই সঙ্গে কমিউনিটি সেন্টারের ম্যানেজারকে সতর্ক করা দেওয়া হয় যেন এমন আয়োজন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়।
