সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার সোহাগপুর কাপড়ের হাট ইজারা প্রদানে পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাসের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদ আলী মন্ডল নামে এক ইজারাদার সংবাদ সম্মেলন করেছেন। বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইজারাদার মোহাম্মদ আলী মন্ডল।
তিনি লিখিত বক্তব্যে বলেন, বাংলা নতুন বছরের জন্য সোহাগপুর কাপড়ের হাট ইজারা দিতে সম্প্রতি পৌরসভা থেকে দরপত্র আহ্বান করা হয়। তিনিসহ চারজন এ দরপত্রে অংশ নেন। টেন্ডার কমিটি দরপত্র যাচাই-বাছাইয়ের সময় আয়বুল ইসলাম নামে একজনের দরপত্রে ত্রুটি থাকায় সেটা বাতিল করে দেন। ২ কোটি ২১ লাখ টাকা দরে টেন্ডার কমিটি তার দরপত্রটি সর্বোচ্চ দরদাতা হিসেবে গণ্য করে মতামতসহ মেয়র বেগম আশানুর বিশ্বাসের কাছে দাখিল করেন। কিন্তু নিজের লোক ইজারা না পাওয়ায় পৌর মেয়র আশানুর বিশ্বাস কোনো কারণ ছাড়াই ঘোষিত এ টেন্ডার বাতিল করে ১৭ মার্চ পুনরায় দরপত্র আহ্বান করে পছন্দের ব্যক্তি আয়বুল ইসলামকে ইজারাদার হিসেবে চূড়ান্ত করেছেন।
