আশঙ্কা না থাকলেও সৃজিতের জন্য চিন্তিত মিথিলা

আপডেট : ২০ মার্চ ২০২০, ০১:৫৩ পিএম

ঢাকায় বাড়িতে বসে অফিসের কাজ করছেন রফিয়াৎ রশিদ মিথিলা। অন্যদিকে তার স্বামী সৃজিত মুখার্জি পরবর্তী ‘কাকাবাবু’ সিরিজের শুটিং শেষ করে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে কলকাতা পৌঁছান।

বিমানবন্দরে সৃজিতের মুখ ঢাকা ছিল মাস্কে। সংবাদমাধ্যমের সঙ্গেও মুখ ঢেকেই কথা বলেন তিনি। তবু সৃজিতের জন্য চিন্তা হচ্ছে মিথিলার।

সৃজিত জানিয়েছেন, করোনায় আক্রান্ত ১৬টি দেশের মধ্যে আফ্রিকা নেই বলে আইসোলেশন সেন্টারে যাওয়ার প্রয়োজন হয়নি। তবে ১৪দিনের জন্য হোম কোয়রান্টাইনে থাকবেন। পাশাপাশি এয়ারপোর্ট কর্তৃপক্ষের করোনা সংক্রান্ত সব ধরনের পরীক্ষাতেই প্রাথমিকভাবে পাশ করেছেন সৃজিত ও তার টিম।

আনন্দবাজার পত্রিকাকে মিথিলা বলেন, “তবুও চিন্তা তো করছি। ঘন ঘন ফোনে আমাদের কথা তো হচ্ছেই। ভিডিও কলও হচ্ছে। আয়রা সৃজিতকে বুঝিয়ে দিয়েছে কতটা সাবধানে থাকতে হবে। সৃজিতের বাড়িতে কেউ আসছেন না। ওর গাড়ির চালকের ও আসা বন্ধ। খাবার দিয়ে যাওয়া হচ্ছে, ও ডিসপোজেবল প্লেটে খাচ্ছে।সব বন্ধ! ওর মাও আলাদা বাড়িতে।”

আরও বলেন, “আমাদের দেশে স্কুল কলেজ বন্ধ। আমরা বাড়ি থেকে কাজ করছি, তবুও দেখছি বাবা-মায়েরা ছুটির মেজাজে বাচ্চাদের পার্কে বেড়াতে নিয়ে যাচ্ছে! জমায়েতও হচ্ছে। শিক্ষিত মানুষও চোখের সামনে ঘুরছেন। করোনার জন্য মৃত্যুর হারের পরিসংখ্যান সকলেই জানেন, তাও তারা সতর্ক নন। এই মুহূর্তে এর চেয়ে ক্ষতিকারক আর কী হবে?’’

ক্ষোভ নিয়েই বলছিলেন মিথিলা। মানুষ নিজের বিপদ ডেকে আনছেন এ ব্যাপারে তিনি নিশ্চিত। তবুও হার মানতে নারাজ মিথিলা। নিজেই উদ্যোগী হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সচেতনতা বাড়াতে নানারকম পোস্ট, ক্যাম্পেনিং করছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত